২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত

পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ জানান।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 09:52 AM

Updated : 26 Aug 2026, 02:22 PM

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ জানান।  

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা কেশবা প্রিয় (৪০), তার মেয়ে প্রথমা দাস এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সজল ঘোষ (৫০)।

কেশবা প্রিয় ও তার পরিবার মূলত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তারা উকিলপাড়ায় বসবাস করেন। প্রথমা সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সিলেটগামী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কেশবা প্রিয় ও সজল ঘোষ মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রথমার বাবা প্রণয় দাস জানান, তার স্ত্রী ও মেয়ে সিলেটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। 

নিহত কেশবা প্রিয়ের আত্মীয় গোবিন্দ কুমার দাশ জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে গেছেন। চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, এ সড়কটিতে দ্রুতগতির যানবাহন এবং অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত স্পিডব্রেকার স্থাপন ও নজরদারি বাড়ানোর দাবি জানান।