২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে-গলা কেটে হত্যা

অভিযোগ রয়েছে, ভাগনে হানিফ মিয়া দেড় মাস আগে রড দিয়ে মাথায় আঘাত করলে হাবিব উল্লাহ মারা যান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 06:33 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

নরসিংদী সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।  

মঙ্গলবার দুপুরে পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নরসিংদী সদর মডেল থানার এসআই সোহরাব হোসেন জানান। 

নিহত হানিফ মিয়া (৩৫) পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদেরের ছেলে। 

নিহত হানিফের মা সায়েরা বেগম অভিযোগ করেন, “হানিফের মামাতো ভাই নাঈম ও নাদিম প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।” 

নাঈম ও নাদিম একই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। দেড় মাস আগে পারিবারিক কলহের জেরে খুন হন হাবিব উল্লাহ। 

অভিযোগ রয়েছে, ভাগনে হানিফ মিয়া রড দিয়ে মাথায় আঘাত করলে হাবিব উল্লাহ মারা যান। 

এসআই সোহরাব হোসেন বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”