২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত

কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মামুন আল রশিদ জানান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

মাদারীপুরের রাজৈর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন।  

বুধবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. মামুন আল রশিদ জানান। 

নিহতরা হলেন- উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণ আমগ্রাম এলাকার বাসিন্দা নিত্যানন্দ গাইনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং একই এলাকার বিকাশ সরকারের ছেলে ভ্যান চালক বিপ্লব সরকার (৩৩)।

পরিবারের বরাতে পুলিশ জানায়, পলাশ উপজেলার টেকেরহাট বন্দর থেকে বিপ্লবের ইঞ্জিনচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। তখন বরিশাল থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি ইঞ্জিনচালিত ভ্যানটিকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই পলাশ মারা যান। গুরুতর আহত বিপ্লবকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি মামুন আল রশিদ বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তর জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।