২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে শিকারিদের কবল থেকে সহস্রাধিক ঝুঁটি শালিক উদ্ধার

ছোট্ট খুপড়ি ঘরে মাছ ধরা জাল দিয়ে শিকারিরা পাখিগুলো আটকে রেখেছিল, বলেন ইউএনও হরেকৃষ্ণ।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2025, 11:59 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের কবল থেকে সহস্রাধিক ঝুঁটি শালিক উদ্ধারের তথ্য দিয়েছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার দুপুরে মোল্লাহাট উপজেলার গাড়ফা ইউনিয়নের রাজপাট গ্রামের বিল থেকে পাখিগুলো উদ্ধারের পর প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

রাজপাট গ্রামের বিল মাঝে পানির উপর তৈরি ছোট্ট খুপড়ি ঘরে মাছ ধরা জাল দিয়ে শিকারিরা পাখিগুলো আটকে রেখেছিল বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা- ইউএনও হরেকৃষ্ণ অধিকারী জানিয়েছেন।

তিনি বলেন, ঝুঁটি শালিক প্রজাতির ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ পাখি উদ্ধার হয়েছে।

স্থানীয়দের বরাতে ইউএনও বলেন, শিকারিরা স্থানীয় মাঠ-বিল থেকে দেশীয় প্রজাতির এই পাখিগুলো ধরে পাচারের জন্য সেখানে আটকে রেখেছিল। শীত মৌসুমে অতিথি পাখির পাশাপাশি এই অঞ্চলে ফাঁদ ও টোপ দিয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি শিকার শুরু করে তারা। 

এ বিষয়ে জানতে পেরেই অভিযান চালারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “শিকারিদের কারনে দিন দিন প্রকৃতিতে পাখি কমে যাচ্ছে। আমরা খবর পেয়ে দ্রুত এখানে ছু্টে আসি। এখানে পৌঁছাতে দেরি হলে চক্রটি হয়ত আজকেই পাখিগুলো পাচার করে দিত।”

জালে আটকে রাখা পাখিগুলো উদ্ধারের পর মুক্ত প্রকৃতিতে অবমুক্ত করার পাশাপাশি জালসহ শিকারের সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেছেন ইউএনও।

শিকারের সঙ্গে জড়িত চক্রটিকে ধরার জন্য চলবে তুলে ধরে তিনি বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

তার আগে ২০২২ সালের জানুয়ারিতে রাজপাট গ্রামে অভিযান চালিয়ে পৃথক দুটি বাড়ি থেকে ৭ শতাধিক শালিক পাখি উদ্ধার করেছিল পুলিশ।