২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ফটক ভেঙে ঢুকলেন শিক্ষার্থীরা

হল খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2024, 12:05 AM

Updated : 26 Aug 2026, 10:09 AM

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেইন গেইট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছে। এ সময় হলগুলো খুলে দেওয়ার জন্য বিক্ষোভ করে তারা। 

পরে হল খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

শনিবার বিকাল ৪টার দিকে টাঙ্গাইল শহর ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিক্ষোভ সমাবেশ শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এ সময় ফটকে তালা থাকায় তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। 

পরে ফটকের সামনেই শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে শিক্ষার্থীদের হলের তালা খুলে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুই ঘণ্টার সময় সীমা বেঁধে দেওয়া দেয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও আন্দোলনে অংশ নেন। 

এদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও হঠাৎ করে শিক্ষার্থীরা প্রবেশ করায় পুরো এলাকায় উত্তাপ ছড়িয়ে পড়ে। রাত ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন বলেন, “মোবাইলে কোনো মন্তব্য করবো না।”

এদিকে শুক্রবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন শিক্ষক বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।