Published : 10 Mar 2026, 10:57 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ছয়টি ইটভাটা মালিককে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও দুটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
অর্থদণ্ড পাওয়া ভাটাগুলোর মধ্যে মেসার্স বর্ণ ব্রিকসকে দুই লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকসকে তিন লাখ ৫০ হাজার, মেসার্স এডিবি ব্রিকসকে তিন লাখ টাকা, মেসার্স লামিয়া ব্রিকসকে তিন লাখ, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে পাঁচ লাখ এবং মেসার্স আরএসবি ব্রিকসের মালিকের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া অবৈধভাবে পরিচালিত মেসার্স বর্ণ ব্রিকস ও মেসার্স আরএসবি ব্রিকসের সকল স্থাপনা ও তৈরি করা কাঁচা ইট ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, অনুমোদন ছাড়াই উপজেলার কয়েকটি ইটভাটা পরিচালিত হচ্ছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ছয় ভাটা মালিকের কাছ থেকে জরিমানা আদায় এবং দুটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে র্যাব, পুলিশ, আনসার, পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।