১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন, হবিগঞ্জ অন্ধকারে

সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ জানান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 10:44 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; এরপর থেকে গোটা জেলা অন্ধকারে রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাগা আগুন আধা ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

বিকট শব্দের পর থেকে শুরু হওয়া এ আগুনে বিদ্যুৎকেন্দ্রটির দুটি উচ্চ ভোল্টেজের সার্কিট ব্রেকার পুড়ে গেছে। এগুলো মেরামত করে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তা।

পিডিবির হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। এজন্য দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে তারা ধারণা করছেন। এতে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে তুলে ধরেন তিনি।

বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পরপরই পুরো জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এর আগে ২০২২ সালের ২৯ মে ৩৩০ মেগাওয়াটের এ বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছিল। তখন তিনটি ট্রান্সফরমারসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যায়।