জাহাঙ্গীরনগরে অর্ধশত গাছ কাটা হলেও জানে না কর্তৃপক্ষ!
এই নির্মাণকাজ চলছে এক হাজার ৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্বানুমতি ছাড়াই কাটা হয়েছে অর্ধশতাধিক গাছ।
সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ভবনের সামনের জঙ্গল ও পদার্থবিজ্ঞান বিভাগের পেছনের অংশে এক্সকাভেটর দিয়ে এসব গাছ কাটা হয়।
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের উদ্যোগে এই গাছ কাটা হয়েছে।
এই নির্মাণকাজ চলছে এক হাজার ৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায়।
গাছ কাটার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, “আমরা এই গাছ কাটার অনুমতি দিইনি। নির্মাণকারী প্রতিষ্ঠান আমাদের না জানিয়েই কাজ শুরু করেছে।”
দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ঘটনাস্থল পরিদর্শনে যান।
তিনি সাংবাদিকদের বলেন, “আমি জানতাম না এতগুলো গাছ কাটা হয়েছে। আমার কোনো অনুমতি ছাড়াই এটা করা হয়েছে। প্রকল্প পরিচালক যদি বলে থাকেন যে, তিনি জানতেন না তাহলে এটা কীভাবে হলো, আমি বুঝতে পারছি না।
“আমরা আগেই জানিয়েছিলাম যে, মাস্টারপ্ল্যান দৃশ্যমান না হওয়া পর্যন্ত কোনো নির্মাণকাজ হবে না। শিগগিরই এই ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ব্যাপারে ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সজিব আহমেদ বলেন, “আমরা দীর্ঘদিন মাস্টারপ্ল্যান ছাড়া উন্নয়নকাজ না করার দাবিতে আন্দোলন করছি। অথচ প্রশাসন জানে না, কে কবে গাছ কেটে দিল। এটা কেবল গাফিলতি নয়, দায় এড়ানোর চেষ্টা।”
পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার বলেন, “এই এলাকায় শিয়াল, বনবিড়াল, ফিশিং ক্যাটসহ নানা বন্য প্রাণীর বসবাস ছিল। মাত্র দুই মাস আগেও এখানে শিয়াল শাবকদের নিয়ে বাস করছিল। এখন সেই আশ্রয়ও হারাল তারা।
“শিক্ষার্থীদের সমস্যা শুধু অবকাঠামো নয়, বরং এটি একটি পরিকল্পনার অভাবজনিত সমস্যা। মাস্টারপ্ল্যান ছাড়া উন্নয়ন কার্যক্রম শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শুরুর আগেই ৮ মে শিক্ষা মন্ত্রণালয় মাস্টারপ্ল্যান সংশোধনের বিষয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয়।
১৩ মে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আরেক চিঠিতে বিশ্ববিদ্যালয়কে জানায়, মাস্টারপ্ল্যান ছাড়া কোনো নির্মাণকাজ করা যাবে না।
৯ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০ মের মধ্যে মাস্টারপ্ল্যানের দৃশ্যমান অগ্রগতি উপস্থাপন করা হবে। তবে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সেই অগ্রগতি দৃশ্যমান হয়নি।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। সোমবার এক বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং সরকারি নোটিশের প্রেক্ষিতে মে মাসের ২০ তারিখ মাস্টারপ্ল্যানের টেন্ডার আহবানের প্রতিশ্রুতি থাকলেও উপাচার্য সেই প্রতিশ্রুতি জুন মাসের শেষ প্রান্তে এসেও পূরণ করেননি। মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পূর্বে কোন নির্মাণকাজ পরিচালনা করা হবেনা মর্মেও প্রতিশ্রুতি দিয়েছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সকল প্রতিশ্রুতি ভঙ্গ করে সিইসি ভবনের সামনে আজ আবারো ভেকু মেশিন দিয়ে শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত প্রাণ প্রকৃতি পরিবেশবিনাশী কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানায় এবং গাছ কাটা ও প্রকৃতি ধ্বংসে জড়িত দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তির দাবি জানায়। বিগত ছয় বছরের অধিক সময় ধরে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনে’র এবং বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীদের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবির সাথে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন আবারো পূর্ণ সংহতি সমর্থন জানাচ্ছে।
