২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু

অগ্নিকাণ্ডের সময় শিশুটির বাবা-মা বাইরে ছিলেন বলে জানান স্থানীয়রা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2025, 06:17 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

নরসিংদী সদর উপজেলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ৬ বছরের এক শিশু পুড়ে মারা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর ঈদগাঁপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুর রহমান।

নিহত সুমাইয়া আক্তার ওই এলাকার জেলে মনির হোসেনের মেয়ে। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে মনিরের বসত ঘরে আগুন লাগে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু সুমাইয়া আগুনে পুড়ে মারা যায়।

অগ্নিকাণ্ডের সময় মনির মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। আর শিশুটির মা বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে বেরিয়েছিলেন।

পুলিশ পরিদর্শক সাইদুর রহমান বলেন, বাবা-মা কেউ ঘরে না থাকায় অগ্নিকাণ্ডে বসত ঘরের সঙ্গে মেয়েটিও ভস্মীভূত হয়ে মারা যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।