২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ পরিবারের

“নিহতের কপাল থেতলানো ছিলো। হাতের কব্জিতে জখম আছে এবং ধস্তাধস্তির আলামত আছে।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 01:04 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

উখিয়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছে পরিবার।

তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের ফরেনসিক প্রতিবেদন ছাড়া ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না।

উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, মঙ্গলবার সকালে হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ৩০ বছর বয়সী লালা বিবি মালয়েশিয়া প্রবাসী আব্দুর শুক্কুরের স্ত্রী। দুই সন্তানের এ জননী সন্তানদের নিয়ে ওই বাড়িতে থাকতেন।

ওসি নুর বলছেন, “ওই নারী সেহরি খাওয়ার জন্য ভোরে ঘুম থেকে ওঠেন। এ সময় দুর্বৃত্তরা নির্জন পাহাড়ি এলাকায় অবস্থিত তার ঘরে ঢুকে তাকে হত্যা করে।”

নিহত লালা বিবি শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।   

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার মধ্যরাতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। তবে এ ঘটনায় এ ঘটনায় এখনো মামলা হয়নি।”

নিহতের ভাসুর আব্দুল আলমের ভাষ্য, “ভোরে সেহরি প্রস্তুতের সময় দুই থেকে তিনজন মুখোশধারী ব্যক্তি দরজা ভেঙে ঘরে ঢুকে লালাকে ধর্ষণ ও মারধর করে।”

“এ সময় লালার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরে তার মৃত্যু হয়।”

তিনি আরও দাবি করেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ‘পরিকল্পিতভাবে’ এ ঘটনা ঘটানো হয়েছে।

ধর্ষণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি নুর আহমদ বলেন, “নিহতের কপাল থেতলানো ছিলো। হাতের কব্জিতে জখম আছে এবং ধস্তাধস্তির আলামত আছে। ধর্ষণের বিষয়টি ফরেনসিক প্রতিবেদন ছাড়া নিশ্চিত করতে পারছি না। তবে এমন কিছু হতেও পারে।”

তিনি বলেন, “নিহত নারীর পরিবারের সঙ্গে প্রতিবেশীদের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। হত্যাকাণ্ডটির সঙ্গে ওই বিরোধের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পাশপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।