Published : 21 Apr 2026, 05:31 PM
ফরিদপুরের চরভদ্রাসনে আসামি ধরতে গিয়ে আসামি ও তার সহযোগীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে চরহরিরামপুর ইউনিয়নের চর ছালেপুরে ছোরমান খাঁর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে চরভদ্রাসন থানার এসআই মো. রফিকুজ্জামান জানিয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- চরভদ্রাসন থানার এসআই রিপন হোসেন, এসআই মোজাম্মেল হক, এসআই মো. রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল রানা ও কনস্টেবল উজ্জ্বল হোসেন।
তাদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সকালে সাধারণ পোশাকে একটি মামলার আসামি ছোরমান খাঁর ছেলে কবির খাঁকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। পরে বাজার এলাকা থেকে তাকে আটক করে তার হাতে হ্যান্ডকাফ পরানো হয়।
এ সময় বাজারে উপস্থিত কবির খাঁর ভাই ও স্থানীয় সমর্থকরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তারা কবিরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলছেন, পুলিশের পাঁচ সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা ভর্তি হয়নি।
এসআই রফিকুজ্জামান বলেন, “সন্ত্রাস বিরোধী আইনে কবির খাঁকে আটক করা হয়। এ সময় তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।”
কবিরকে আটক ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।