২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

রাঙামাটি পলিটেকনিকে দুই পক্ষের সংঘর্ষ, তদন্তে কমিটি

ঘটনার কারণ খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 11:03 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। 

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইনস্টিটিউটের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। 

আহত ১২ শিক্ষার্থী ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের। সংঘর্ষের পর রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ঘটনা তদন্তে অটোমোবাইল টেকনোলজি বিভাগের প্রধান প্রকৌশলী রহমত উল্ল্যাহকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

তদন্ত কমিটির আহ্বায়ক রহমত উল্ল্যাহ বলেন, শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তারা একে অপরের ওপর হামলা করলে ১২ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “দুপক্ষের শিক্ষার্থীরা একে অপরের বিরুদ্ধে লিখত। সেটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, তবে এখনো শেষ হয়নি।”

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।