Published : 04 Nov 2023, 04:20 PM
রাজশাহীতে চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। এর আগে একই দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসকরা।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেন চিকিৎসকরা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর রাজশাহী শাখা এই কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছিলেন।
বিএমএর সভাপতি এ বি সিদ্দীকের সভাপতিত্বে কর্মবিরতি শেষে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক নওশার আলী।
তিনি বলেন, গোলাম কাজেমের খুনিদের ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাই আল্টিমেটাম শেষে এই কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।
বিএমএর ঘোষণা অনুযায়ী, রোববারও বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি করে চিকিৎসকরা অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।
সাধারণ সম্পাদক আরও বলেন, “রোববারের কর্মসূচি পালনের পর আমরা পুলিশের সঙ্গে কথা বলব। এরপরও যদি খুনিদের গ্রেপ্তার করতে না পারে তবে আরও বড় কর্মসূচি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।”
গত ২৯ অক্টোবর রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে দুই চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতরা হলেন- রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ গোলাম কাজেম আলী আহমেদ এবং নগরীর চন্দ্রিমা থানার কচুয়াতৈল এলাকার গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলাল।
ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি কাজেম আলীকে বাসায় ফেরার পথে বর্ণালীর মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে হত্যা করা হয়।
আর কৃষ্টগঞ্জ বাজারের গ্রাম্য চিকিৎসক এরশাদ আলীকে নিজের ফার্মেসি থেকে তুলে নিয়ে যাওয়ার পর তার লাশ পাওয়া যায়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বলেন, দুই চিকিৎসক খুনের ঘটনার তদন্ত চলছে। পুলিশের কয়েকটি দল এটি নিয়ে কাজ করছে।
খুব শিগগির এই দুই খুনের মোটিভ উদ্ধার এবং খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন:
চিকিৎসক কাজেম হত্যা: খুনিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম