২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের লামায় অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৪

তাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের সিম, সাতটি ফোন সেট, দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, বলছে পুলিশ।

বান্দরবানের লামায় অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৪
গ্রেপ্তার আসামিরা আগে রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানায়।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 10:50 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

বান্দরবানের লামার সরই-ফাঁসিয়াখালী থেকে শ্রমিক অপহরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বান্দরবানের সদর ও লামার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- রোয়াংছড়ি সদর ইউনিয়নের শিমনপাড়ার জ্যাকসন ত্রিপুরা ও প্রশ্বস্ত ত্রিপুরা, রুমা উপজেলার গতিরামপাড়ার জয়ন্ত ত্রিপুরা ও থানচির রেমাক্রি ইউনিয়নের হালিরামপাড়ার শিমন ত্রিপুরা।

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লামার সরইয়ে গত ৪ জানুয়ারি বমুখাল এলাকার সাতজন ও ১৫ জানুয়ারি বাগানপাড়া থেকে সাত শ্রমিককে অপহরণ করা হয়। 

এছাড়া লামা ফাঁসিয়াখালী এলাকার পাঁচটি রাবার বাগান থেকে অপহরণের শিকার হন ২৩ রাবার বাগান শ্রমিক।

গ্রেপ্তার আসামিরা আগে রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

গ্রেপ্তার ও তাদের পলাতক সহযোগী আসামিরা পরস্পরের যোগসাজসে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মুক্তিপণ নেওয়ার মোবাইল ব্যাংকিংয়ের সিম, সাতটি ফোন সেট, দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো পড়ুন:

বান্দরবানের 'অপহৃত' শ্রমিকরা ছাড়া পেয়েছে