২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 07:40 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এএম সরওয়ারউদ্দিন চৌধুরী।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপাচার্য  বলেন, “শাহজালাল বিশ্ববিদ্যালয় দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালরয়ের মধ্যে একটি। বিশ্ববিদ্যালয়কে পূর্ণ উদ্যমে সচল করতে ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া শুরু করেছি। যে পদগুলো খালি আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে। শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার চেষ্টা করছি।”

“দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন আবাসিক হল ও প্রশাসনিক ভবন পরিদর্শন করেছি। সেখানে থাকা বিভিন্ন সমস্যা শনাক্ত করেছি, যেগুলো শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয়কে বলা হয় শিক্ষা ও গবেষণা  নির্ভর বিশ্ববিদ্যালয়।”

গবেষণার ধারাকে আরও উন্নত করতে বিভাগগুলোকে গবেষণা নির্ভর বিভাগ হিসেবে গড়ে তুলতে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণার কাজের ক্ষেত্রে একটু দৌরাত্ম্য আছে। সে দৌরাত্ম্য কমিয়ে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ করে দিতে হবে।” 

এ সময় বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

মতবিনিময়কালে সাংবাদিকদের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হাসান নাঈমসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করা ক্যাম্পাসের সাংবাদিকরা ছিলেন।