২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ সম্পদ’: নরসিংদীতে যুবলীগ নেতার সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি জব্দ

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও জমিদখলসহ বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধশত মামলা রয়েছে।

‘অবৈধ সম্পদ’: নরসিংদীতে যুবলীগ নেতার সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি জব্দ
নরসিংদীর পলাশে যুবলীগ নেতার বাড়ি জব্দ করেছে দুদক।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 07:16 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার এক যুবলীগ নেতার বাড়িসহ সাড়ে আট কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

সোমবার দুপুরে দুদকের সমন্বিত জেলা গাজীপুর ও নরসিংদী কার্যালয়ের তত্ত্বাবধানে ডাঙ্গা ইউনিয়নে ওই নেতার দুটি ভবন ক্রোক করে সরকারি তত্ত্বাবধানে দেওয়া হয় বলে জানান পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকী।

যুবলীগ নেতা দেলোয়ার হোসেন কাজিরচর গ্রামের সুরুজ আলীর ছেলে এবং ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

২০২৩ সালের ১২ ডিসেম্বর দেলোয়ারের অবৈধ সস্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (গাজীপুর-নরসিংদী) এর সহকারী পরিচালক মো. এনামুল হক। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে, দেলোয়ারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোকাদেশ ও রিসিভার নিয়োগের আদেশ দেয় আদালত।

অভিযানে দুদকের কর্মকর্তার সঙ্গে ইউএনও আবু বক্কর সিদ্দিকী, ডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শিউলি রানি ধর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলদর দাস উপস্থিত ছিলেন।

ইউএনও আবু বক্কর সিদ্দিকী বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী ভবনে সাইনবোর্ড টানিয়েছি এবং বাসাটিতে বসবাসরত লোকদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাসাটি আমাদের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে থাকবে।”

যুবলীগ নেতা দেলোয়ারের বিরুদ্ধে হত্যা, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধশত মামলা রয়েছে। গত বছরের ৫ অগাস্ট আওয়ামী সরকার পতনের পর আত্মগোপনে যান তিনি।