টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সখীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।
কোটা সংস্কার আন্দোলনে সময় সারাদেশে ছাত্র-জনতার ওপর হামলা, ‘হত্যা’র প্রতিবাদ ও গ্রেপ্তারদের মুক্তিসহ নয় দফা দাবিতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল।
শনিবার দুপুর দেড়টার দিকে বৃষ্টির মধ্যেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিতি দেখা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এর আগে বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল সরণি সড়কে সমাবেশ করে। এ সময় পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
এদিকে সখীপুর উপজেলায় আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ।
টাঙ্গাইল জেলা প্রশাসন মো. কায়ছারুল ইসলাম বলেন, “পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্য সহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।”
