ফরিদপুরে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে মালামাল পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফরিদপুরের ভাঙায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে রোববার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে রাত ১১টার দিকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ভাঙা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে চারটি দোকান ও দোকানগুলোর মালামাল পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর বলেন, “রোববার রাত সাড়ে ১০টার পর হঠাৎ করে বাজারে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের তিন থেকে চার গ্রামের মানুষ আগুন নেভানোর চেষ্টা করে।
“পরে ভাঙা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যবসায়ী হাশেম মিয়া, আজিজ মুন্সী, পরেশসহ চারজনের মুদি ও কাঁচামালের দোকান মালামালসহ পুড়ে যায়।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
