২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় হু হু করে বাড়ছে পানি, বন্যার আশঙ্কা

“এ পরিস্থিতিতে স্বল্প মেয়াদি মাঝারি ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 02:37 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনাসহ সবকটি নদীতে পানি বাড়ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

“আর কাজিপুর পয়েন্টে ৩২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও ৪-৫ দিন বাড়তে পারে।”

যমুনা নদীতে পানি বাড়ার কারণে অভ্যন্তরীণ নদ-নদী করতোয়া, ফুলজোড়, হুড়াসাগর ও চলনবিলেও সমানতালে পানি বাড়ছে। এ পরিস্থিতিতে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নদী তীর, চরাঞ্চল ও নিম্নাঞ্চলের রাস্তাঘাট, আবাদি জমি পানিতে তলিয়ে গেছে।

অনেকের বাড়িতে পানি ওঠায় তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। এ সব এলাকায় বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ হরেয় গেছে পানি ওঠার কারনে। একদিকে ঘর-বাড়ি নদীতে বিলীন হচ্ছে, আরেক দিকে ফসলি জমি তলিয়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মধ্যে। 

তবে পানি বাড়লেও বড় বন্যা হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।

তিনি বলেন, “এ পরিস্থিতিতে স্বল্প মেয়াদি মাঝারি ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাঙন কবলিত এলাকাগুলোতে বালি ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে।”

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “যমুনাসহ নদ-নদীর পানি বাড়লেও বন্যা পরিস্থিতির এখনও অবনতি হয়নি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিটি উপজেলায় পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে।”