Published : 21 May 2026, 09:52 PM
খুলনা নগরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ঢুকে যুবদলের এক নেতাকে গুলির ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার দুপুরে নগরের লবণচরা থানার পুটিমারী বাজারের জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান লবণচরা থানার ওসি সৈয়দ মোশারফ হোসেন।
গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ (৩৩) পুটিমারী বাজার কমিটির সভাপতি এবং ইউনিয়ন যুবদল নেতা। গুলিবিদ্ধ অপরজন হলেন জাহিদ। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি কার্যালয়ের ভেতরে বসেছিলেন। এ সময় এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত পারভেজ সেখানে প্রবেশ করেন। তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ভেতরে গুলির শব্দ শোনা যায়।
সেখান থেকে পারভেজ বের হয়ে গেলে ভেতরে গিয়ে মাসুম বিল্লাহর বাম পায়ে এবং জাহিদের ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় পান স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি মোশারফ হোসেন বলেন, “মাসুম বিল্লাহ ও পারভেজ পূর্ব পরিচিত। কোনও বিষয় নিয়ে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুজন তর্কে জড়ান। পরে পারভেজ বাইরে থেকে পিস্তল এনে মাসুমকে গুলি করেন। তাকে বাঁচাতে গিয়ে জাহিদও গুলিবিদ্ধ হয়।”
পারভেজের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার বিভিন্ন অভিযোগ রয়েছে; তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।