নাটোরে মারকাজ মসজিদ নিয়ে তাবলিগের দুপক্ষে সংঘর্ষ, আহত ৩০
সংঘর্ষের কারণে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে নাটোর-রাজশাহী সড়কে যানচালাচল বন্ধ ছিল।
নাটোরে মারকাজ মসজিদ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরতলীর তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে এ সংঘর্ষের কারণে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে নাটোর-রাজশাহী সড়কে যানচালাচল বন্ধ ছিল বলে নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান জানান।
পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতরা নাটোর সদরসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তেবাড়িয়া ও পিটিআই মোড় এলাকার মজনু মিয়া, আরিফ মণ্ডলসহ প্রায় ১০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, তেবাড়িয়া মারকাজ মসজিদটি মাওলানা সাদপন্থিদের দখলে ছিল। কিন্তু ৫ অগাস্ট সরকার পতনের পর মাওলানা জুবায়েরপন্থিরা এর দখল নেন। সেখানে একটি কওমি মাদরাসা প্রতিষ্ঠা করে কয়েকজন ছাত্র সেখানে অবস্থান নেন।
তখন এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টাও করা হয়। কিন্তু জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি হয়নি।
এর মধ্যে বৃহস্পতিবার সকালে নাটোরের বিভিন্ন এলাকা থেকে তাবলিগ জামায়াতের মাওলানা সাদের অনুসারীরা বাসে এসে ইজতেমার প্রস্তুতিতে মারকাজ মসজিদে অবস্থান নেন। এ সময় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন সড়ক ও মসজিদের সামনে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যানচলাচলা বন্ধ হয়ে যায়; দেখা দেয় দীর্ঘ যানজট।
মাওলানা সাদের অনুসারী বিপুল আলী, আলামিন হোসেন বলেন, ইজতেমার শান্তিপূর্ণ প্রস্তুতিতে জুবায়েরপন্থি লোকজন হঠাৎ করেই হামলা চালায়। এতে তাদের অন্তত ২০ জন আহত হয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেন জুবায়েরপন্থি জিল্লুর রহমান সিদ্দিকী, নূর হোসেন, তমাল আলী। তাদের দাবি, তাদের মসজিদ দখল নিয়ে তাদেরই উপরে হামলা হয়েছে। এতে তাদের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, “বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই পক্ষের লোকজনকে আমরা শান্ত করে সরিয়ে দিয়েছি।”
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেছেন, বিষয়টি সমাধানের জন্য রোববার দুই পক্ষকে নিয়ে বসা হবে। তার আগে সবাইকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে। এর মধ্যে পরিস্থিতির পরিবর্তন ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে।
