Published : 23 Nov 2025, 06:14 PM
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে ঢাকা থেকে বুয়েটের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল সেখানে যাবেন।
আগামী বুধবার বিশেষজ্ঞ প্রতিনিধি দল নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করার পর সেখানে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা শেষে রোববার দুপুরে তিনি এসব তথ্য জানান।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আনুমানিক শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনার কমবেশি ক্ষয়ক্ষতি, ৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে তিন দিন পরও জেলায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি।
তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল দপ্তর প্রধানকে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার নির্দেশ দেন।
জেলা প্রশাসক আরও বলেন, নরসিংদীতে ক্ষতিগ্রস্ত বহুতল ভবনগুলো বিল্ডিং কোড মেনে নির্মাণ হয়েছে কী না- সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া ভবিষ্যতে সবাই যেন বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করেন সে বিষয়ে সবাই সচেতন থাকার অনুরোধ করেন।
ভূমিকম্পের যেহেতু কোনো পূর্বাভাস হয় না, সেহেতু কাউকে আতংকিত না হওয়ার জন্যও অনুরোধ করেন তিনি।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা সিভিল সার্জন, জেলার ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
ভূমিকম্প: উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
ভূমিকম্প: নরসিংদীতে ক্ষতি নিরূপণে কমিটি
ভূমিকম্প: উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত ৫, আহত শতাধিক
ভূমিকম্পের পর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন, সরবরাহ বন্ধ
ভূমিকম্প: নরসিংদীতে সানশেড ভেঙে মাথায় পড়ে শিশুর মৃত্যু
ভূমিকম্প: নরসিংদীতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু