Published : 27 Aug 2026, 04:21 PM
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রাজশাহীর এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের পাশের নদী থেকে লশাটি উদ্ধার করা হয় বলে তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ জানিয়েছেন।
মৃত ২৪ বছর বয়সী আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি করপোরেশন মধ্যনওদা পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে এবং মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
ওসি ফারুক বলেন, “বৃহস্পতিবার সকালে মধ্যনগর উপজেলা থেকে আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জনের একটি পর্যটকদল মিলে নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসেন। সকাল ১০টার দিকে লামাগাও বাজারের পাশে নৌকাটি থামে।
“এ সময় নৌকা থেকে লাফ দিয়ে নদীতে ঝাঁপ দেন কয়েকজন। পরে অন্যরা উঠে এলেও পিকলু নিখোঁজ ছিলেন। পরে সঙ্গীরা স্থানীয়দের সহায়তায় কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে বেলা দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।”
মরদেহ থানায় হয়েছে জানিয়ে ওসি ফারুক আহমেদ বলেন, “স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”