২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি ছাত্রদলের, কার্যালয়ে তালা

শিক্ষক নিয়োগে জালিয়াতি, জামায়াত ও শিবিরের অনুষ্ঠানে যোগদান এবং আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ছাত্রদল।

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি ছাত্রদলের, কার্যালয়ে তালা
.

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 06:11 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল।

বিভিন্ন অভিযোগ তুলে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। পরে তারা উপাচার্য কার্যালয়ে তালা ঝুলিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন অর্ণব এবং সদস্যসচিব জিসান আহমেদ। 

তাদের অভিযোগ,  বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়কে ‘জামাতীকরণের’ পাশাপাশি আওয়ামী লীগের পুনর্বাসন করছে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করছেন এবং জামায়াত ও শিবিরের লোকজনকে অগ্রাধিকার দিচ্ছেন। 

তাদের দাবি, শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক কর্মকাণ্ডে দলীয় প্রভাব খাটানো হচ্ছে।

ছাত্রদল অভিযোগ করেন, উপাচার্য বিভিন্ন সময়ে জামায়াত ও ছাত্রশিবিরের অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং বিধিবহির্ভূতভাবে প্রকল্প পরিচালক নিয়োগসহ আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ এখনো আসেনি। তারা কী কারণে পদত্যাগের দাবি করেছে, সেটিও আমি জানি না। আমি বর্তমানে ঢাকায় আছি। ফিরে এসে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করব।”

তিনি বলেন, “দাবি-দাওয়া থাকলে তা নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপন করা উচিত। পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়া ঠিক হবে না।” 

সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এমন হুঁশিয়ারি দেওয়া হয়।