২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2025, 07:39 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বোয়ালমারী থানার ওসি গোলাম রসুল।

আহতদের মধ্যে নয়জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুনবহা গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদের সঙ্গে একই গ্রামের নাসির বিশ্বাসের বিরোধ চলছিল।

এরই জেরে দুপুর ১২টার দিকে স্থানীয় একটি সিঙ্গারার দোকানে ফরিদের ছেলে রাহুল আহমেদের সঙ্গে নাসির বিশ্বাসের ভাতিজার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে দুই পক্ষের লোকজন ঢাল-সড়কিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুনবহা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর বিশ্বাস বলেন, “দুপুরে গ্রামের বিবাদমান দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জামের কথা শুনেছি। তবে ঘটনাস্থলে না যাওয়ায় বিস্তারিত কিছু জানি না।”

ওসি গোলাম রসুল বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে দুই গাড়ি পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।

তিনি বলেন, এ ঘটনায় বিকাল ৬টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।