২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যার দায়ে ব্যক্তির মৃত্যুদণ্ড

২০১৪ সালের ১৭ নভেম্বর আউয়ালকে নদীর পাড়ে কাশবনে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান পিপি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 06:35 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিহাবুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. ছানোয়ার হোসেন।

মৃত্যুদণ্ড পাওয়া শিমুল (৩৫) উপজেলার ছমির বেপারীর ডাঙ্গী এলাকার মো. আক্কাচের ছেলে।

পিপি ছানোয়ার জানান, ২০১৪ সালের ১৭ নভেম্বর উপজেলার অমরাপুর এলাকার পরশ আলী মৃধার ছেলে আউয়াল মৃধাকে নদীর পাড়ে কাশবনে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনার একদিন পর আউয়ালের বাবা চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। 

তদন্ত শেষে ২০১৫ সালের ১৪ জুন শিমুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছানোয়ার হোসেন।