২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘জুলাই গণহত্যার’ বিচার দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

একই সঙ্গে ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা।

‘জুলাই গণহত্যার’ বিচার দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2024, 04:45 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

‘জুলাই গণহত্যা’সহ আওয়ামী আমলে সংঘটিত সব অন্যায়ের বিচার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

একই সঙ্গে তারা ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবিও জানিয়েছে।  

এসব দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। 

এ সময় আরিচাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে জরুরি পরিষেবার যান চলাচল স্বাভাবিক ছিল।

সেখানে ২০ মিনিট অবস্থানের পর অবরোধ তুলে নেন তারা।

এর আগে দুপুর পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবন সংলগ্ন মহুয়া মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়।

মহাসড়কে অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল বাপ্পি বলেন, “যে স্বৈরাচার আমাদের ওপর চেপে বসেছিল, শত শত শহীদের রক্তের বিনিময়ে তাদের হটিয়েছি। কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো কিভাবে ক্ষমতায় বসে থাকে? 

“তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার কী করছে আমরা জানি না। তবে যারা এই দোসরদের এখনো প্রশ্রয় দিচ্ছে তাদেরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “বুধবার আমাদের সহযোদ্ধা আরমানের ওপর কিশোরগঞ্জে ছাত্রলীগ হামলা চালিয়েছে। তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।”

ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, “আমাদের যেসব ভাই-বোনেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের বাবা-মায়ের চোখের পানি এখনো শুকায়নি। গতকালকেও (বুধবার) কিশোরগঞ্জে আমাদের সহযোদ্ধার ওপর ফ্যাসিস্টের সহযোগীরা হামলা করেছে।

তিনি অভিযোগ করেন, “জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 

“দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।”

এই সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সোয়াইব হাসান।