২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় হেলমেটধারী চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

ব্যতিক্রমী এ আয়োজনে পুলিশের কাছ থেকে ফুল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মোটরসাইকেল চালকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 05:44 PM

Updated : 28 Oct 2026, 05:44 PM

মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নেত্রকোণা জেলা পুলিশ।

হেলমেট পরিহিত চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

বুধবার দুপুরে নেত্রকোণা শহরের ব্যস্ততম সড়ক মোক্তারপাড়া সেতুর পাশে এ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে মোটরসাইকেল চালকদের থামিয়ে হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয় এবং নিরাপদে চলাচলের বিষয়ে সচেতন করা হয়।

চালকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই নিজের জীবন ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রত্যেক চালককে হেলমেট পরে মোটরসাইকেল চালাতে হবে।”

তিনি বলেন, “পুলিশের আইনি ব্যবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে পৌঁছানোর জন্যই হেলমেট পরা উচিত।”

অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র হাফিজুল ইসলাম বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কয়েকজন চালককে তাৎক্ষণিকভাবে হেলমেট প্রদান করা হয়। পাশাপাশি হেলমেট পরিহিতদের ফুল দিয়ে উৎসাহিত করা হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ব্যতিক্রমী এ আয়োজনে পুলিশের কাছ থেকে ফুল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মোটরসাইকেল চালকরা।