Published : 20 Dec 2025, 08:27 PM
মাদারীপুর সদর উপজেলায় ইজিবাইককে পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় এক যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আর দুই যাত্রী।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বিক পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ।
নিহত মাহফুজ রহমান শীষ (১৬) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া গ্রামের বাসিন্দা ফিরোজ শাহের ছেলে।
আহতরা হলেন- শীষের মা ফিরোজা বেগম (৩৫) ও খালা নুরুন্নাহার বেগম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ব্যাটারিচালিত একটি ইজিবাইকে করে তিনজন যাত্রী মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল ইজিবাইককে ধাক্কা দেয়।
এতে ইজিবাইকে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান মাহফুজ রহমান শীষ। আহত ফিরোজা বেগম ও নুরুন্নাহারকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করায়।
ওসি আবুল কালাম আজাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।