মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের পর ভাঙচুর-অগ্নিসংযোগ
দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরুর ঘোষণার পর আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
মাগুরায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পরপর তা ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকালে শহরের জামরুলতলায় কার্যালয়টি উদ্বোধনের পর এ ঘটনা ঘটে।
এদিন আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করার কথাও জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুনসহ বেশ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের নিচে জড়ো হন। এ সময় তারা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলের কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
এ ঘটনার পরপর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় পতাকা পুড়িয়ে দেন। এ ছাড়া ভবনটির তিন তলায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ বলেন, “বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তবে কে বা কারা আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, তা আমার জানা নেই।”
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের নিচে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরুর ঘোষণা দেয় কিছু নেতাকর্মী। তাদের মধ্যে এনামুল হক হীরক, সোনিয়া খাতুন ও কর্মী ওসমান গনিকে আটক করা হয়েছে।
বর্তমান ওই এলাকার পরিস্থিতির স্বাভাবিক রয়েছে; এ ছাড়া সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
