২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের পর ৩ নেতা আটক

বিকালে ১০ থেকে ১২ নেতাকর্মী মিলে শহরের জামরুলতলায় কার্যালয়টি উদ্বোধন করেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 07:38 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

পতাকা উত্তোলন ও দোয়ার মধ্য দিয়ে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পর তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার বিকালে ১০ থেকে ১২ নেতাকর্মী মিলে শহরের জামরুলতলায় কার্যালয়টি উদ্বোধন করেন।

এর পরই জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক, জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা এবং মো. ওসমান নামে কর্মীকে আটক করা হয় বলে সদর থানার ওসি আশিকুর রহমান বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আওয়ামী লীগ নেতা হিরকের নেতৃত্বে নেতাকর্মীরা এসে প্রথমে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তারা দোয়া করেন। 

তিনজনকে আটকের কারণ জানতে চাইলে ওসি আশিকুর রহমান বলেন, যে কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে, সেই দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাই তাদের আটক করা হয়েছে।