২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সবকিছু হারিয়ে নির্বাক ব্যবসায়ীরা

ময়মনসিংহে জায়গা খালি করার পর সেটি ব্যবসায়ীদের লিজ দেওয়া যায় কি-না, তা পরে জানাবে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সবকিছু হারিয়ে নির্বাক ব্যবসায়ীরা
ময়মনসিংহ নগরের সানকিপাড়া বাজারে রেলওয়ের দুই পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 02:46 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ময়মনসিংহ নগরে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এতে দোকান ও মালামাল হারিয়ে নির্বাক ব্যবসায়ীরা।

বুধবার বেলা ১১টার দিকে নগরের সানকিপাড়া বাজারের রেলওয়ের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে সহযোগিতা করছে সেনাবাহিনী, পুলিশ এবং রেলওয়ে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম মো. শফিকুল ইসলাম এবং রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা উপ-সচিব নাসির উদ্দিন মাহমুদ।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তারা সিদ্ধান্ত নিবেন এসব জায়গা আবার ব্যবসায়ীদের লিজ দেওয়া যায় কি-না। 

স্থানীয় ব্যবসায়ীরা ময়মনসিংহ সিটি করপোরেশন থেকে জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে এসব জায়গায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। হঠাৎ উচ্ছেদ অভিযানে চোখের সামনে দোকান ও মালামাল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন তারা।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, উচ্ছেদ অভিযান হবে তা জানার পরও গুরুত্ব না দিয়ে মালামাল সরাননি ব্যবসায়ীরা। যার কারণে সবকিছুই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এমন অভিযানে ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ।

ভাঙারি ব্যবসায়ী মামুন মিয়া বলেন, “২০ থেকে ৩০ বছর ধরে এখানে ব্যবসা করে সংসার চালাচ্ছি। নিয়মিত খাজনাও দিয়ে আসছি। কিন্তু আজকে জানতে পারলাম তা রেলের জায়গা। জায়গাটি নিজের মনে করে মালামাল সরাইনি। ভেকু দিয়ে সব গুঁড়িয়ে দিয়েছে। কোনো প্রতিবাদও করতে পারিনি। শুধু চেয়ে চেয়ে দেখেছি।”

ডিম ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, “প্রায় সময় শুনে থাকি অভিযান হবে কিন্তু হয়নি। আজ এত বড় পরিসরে অভিযান হবে ভাবতেও পারিনি। ব্যবসা করে সংসারটা কোনো রকম চালাতে পারলেও এখন কী করব ভেবে পাচ্ছি না।”

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, “প্রায় ৫০ বছরের পুরোনো সানকিপাড়া রেলক্রসিং বাজার। এখানে শতশত মানুষ ব্যবসা করে আসছেন। নগরের দ্বিতীয় সর্বোচ্চ বড় কাঁচা বাজার এটি। প্রশাসন বাজারটি এভাবে ধ্বংস করে ব্যবসায়ীদের পথ বসানো কোনো ভাবেই উচিত হয়নি। 

“বর্তমান সরকার মানুষকে বলছে, উদ্যোক্তা হওয়ার জন্য। আর এখানে এভাবে ভেকু চালিয়ে কত মানুষের স্বপ্ন ধ্বংস করছে, তা বলার ভাষা নেই।” 

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা উপ-সচিব নাসির উদ্দিন মাহমুদ বলেন, “রেলের জায়গা একটি প্রভাবশালী মহল যুগ যুগ ধরে দখলে নিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছে লিজ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে। 

“সাধারণ মানুষ সচেতন না হয়ে রেলের জায়গা সিটি করপোরেশন থেকে লিজ নিয়েছে, এতে তাদেরও দায় রয়েছে। আমি মন্ত্রণালয়ের নির্দেশ নিয়ে এই জায়গায় অভিযান পরিচালনা করছি। দেশের সব জায়গায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

জায়গাটি খালি করার পর সেটি ব্যবসায়ীদের কাছে লিজ দেওয়া যায় কি-না, সে বিষয় পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নাসির উদ্দিন মাহমুদ।

রেললাইনের দুই পাশে দিনভর অভিযান পরিচালনা করা হবে; এর মধ্যে যত স্থাপনা আছে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।