ছাত্র আন্দোলনে ‘হত্যা’: ফেনীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ওই ছাত্রলীগ নেতা আত্মগোপনে ছিলেন বলে র্যাব জানায়।
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার মধ্যরাতে তাকে শহরের একাডেমি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
গ্রেপ্তার মোসলেহ উদ্দিন শাকিল (২৬) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচর গ্রামের এমএ গোফরানের ছেলে। তিনি ফেনী জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক।
র্যাব জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ অগাস্ট ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। ওই কর্মসূচিতে বারইয়ারহাট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাইদুল ইসলাম (২০) ছিলেন।
মামলার নথির বরাতে র্যাব জানায়, ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্ররোচনায় ও নির্দেশে নাশকতাকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে কর্মসূচি নির্বিচারে গুলিবর্ষণ করেন।
এছাড়া আসামিরা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠিসোঁটা দিয়ে ছাত্র-জনতাকে পিটিয়ে আহত ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে।
এ সময় কলেজছাত্র ছাইদুল ইসলাম প্রাণভয়ে দৌড়ে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকে চলে যান।
তখন হামলাকারীরা ফ্লাইওভারের উপরে উঠে ছাইদুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
এতে ছাইদুল মাটিতে লুটিয়ে পড়েন।
হামলাকারীরা ফের তাকে লাঠিসোঁটা, লোহার রড দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় ৯৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
ওই মামলার পলাতক আসামি মোসলেহ উদ্দিন শাকিলকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, “মঙ্গলবার দুপুরে আসামিকে ফেনী মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।”
ওই থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, “আসামি মোসলেহ উদ্দিন শাকিলকে বিকালে আদালতে পাঠানো হয়েছে।
“মামলার তদন্তে প্রয়োজনে শাকিলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হতে পারে।”
