জাবিতে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন
তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সড়কে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।
তিনি জানান, কমিটির অন্য সদস্যরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফুল হক এবং ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ।
রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে আফসানা রাচির নিহতের বিষয়টি বিস্তারিত তদন্ত করে কারণ উদ্ঘাটন করে সুস্পষ্ট সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের নতুন কলা ভবনের সামনের সড়কে একটি ইজিবাইক মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচিকে ধাক্কা দেয়।
সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর জেলার মো. রেজাউল করিমের মেয়ে রাচি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে থাকতেন। তার পরিবার রাজধানীর গ্রীন রোডে থাকেন।
এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাতেই উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে।
এছাড়া রাচির মৃত্যুর ঘটনায় বুধবার সকাল ৭টা থেকে আট দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের সব কয়টি ফটকে তালা ঝুলিয়ে দেয়।
পরে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে রিচির গায়েবানা জানাজা শেষে ফটকগুলো থেকে তালা খুলে দিলে তাদের কর্মসূচি শেষ হয়।
আগের খবর
