২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

মামলায় ছাত্রদলের নেতাকর্মীসহ অন্তত ৯০ জনকে আসামি করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 06:54 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

সিরাজগঞ্জ সদরে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন অন্তত চার জন।  

সদর থানার ওসি সিরাজুল ইসলামের দাবি, মঙ্গলবার সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করার সময় কোটা সংস্কার আন্দোলনকারীরা কয়েক দফা হামলা চালিয়ে চার পুলিশ কর্মকর্তাকে আহত করে। 

এ ঘটনায় বুধবার দুপুরে সদর থানায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। এতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীসহ ১৭ জনের নাম উল্লেখ ছাড়াও ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

মামলায় পুলিশ সদস্যদের ওপর হামলা, মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 

ঘটনাস্থল থেকে আটক চার জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে, কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে সারাদেশে ছয় জনের মৃত্যুর ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার দুপুরের পর সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন।