২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হাতুড়িপেটার ঘটনা সমন্বয়কদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে, দাবি ছাত্রদলের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রাজশাহীর সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছেন ছাত্রদলের নেতারা।

রাজশাহীতে হাতুড়িপেটার ঘটনা সমন্বয়কদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে, দাবি ছাত্রদলের
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া একজনকে হাতুড়িপেটার ঘটনা নিয়ে নগর ছাত্রদলের সংবাদ সম্মেলন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 11:25 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

রাজশাহীতে এক ‘সমন্বয়ককে’ হাতুড়িপেটার ঘটনাকে অভ্যন্তরীণ কোন্দলে বলে দাবি করেছেন নগর ছাত্রদল।

শুক্রবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রাজশাহীর সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছেন ছাত্রদলের নেতারা। 

সেইসঙ্গে সোহেলকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করে ছাত্রদল বলেছে, এটা সমন্বয়কদের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ সংঘর্ষ। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কালেক্টরেট মাঠ ও মাদ্রাসা মাঠ এলাকায় সোহেল রানার ওপর দুই দফা হামলার ঘটনা ঘটে। সেই সময় তাকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পেটানো হয়। 

তবে হাসপাতালে ভর্তি সোহেল রানা সাংবাদিকদের বলেন, “রাজশাহী কলেজ ছাত্রদলের জয় ও রুহুল আমিনসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী তাকে পিটিয়েছেন।”

সোহেল রানার অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজশাহী নগর ছাত্রদল। 

রাজশাহীতে 'সমন্বয়ককে' হাতুড়িপেটা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

লিখিত বক্তব্যে নগর ছাত্রদলের সভাপতি আকবর আলী বলেন, “এখন কেউ কেউ ‘ভুয়া’ সমন্বয়ক সেজে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন। ৫ অগাস্ট পরবর্তী সময়ে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা নিজেকে সমন্বয়ক দাবি করে রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সোহেল নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করলেও স্পষ্টত তিনি জাসদ ছাত্রলীগের সক্রিয় নেতা।”

আকবর আলী বলেন, বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহীতে দুটি পক্ষ বিরোধে জড়ায়। এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষেও জড়ান।

সেই ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষে সোহেল রানা রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রটনা করেন; যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হয়। অথচ ছাত্রদলের কোনো নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি আকবর আলীর।

সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান, ছাত্রদল নেতা সুলতান আহমেদ, আদিউল ইসলাম, মাহমুদুল হাসান, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ এবং সদস্যসচিব আহমেদ রায়হান উপস্থিত ছিলেন।