টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
শিশুটি পাশের একটি বাসায় গামছা আনতে গেলে ধর্ষণের ঘটনা ঘটে বলে দাবি স্বজনদের।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার একটি এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানিয়েছেন।
গ্রেপ্তার চন্দনাথ সাহা (৬৩) ধনবাড়ী উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। তিনি প্রায় দুই বছর ধরে কালিহাতী পৌরসভার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, শিশুটি পাশের একটি ভাড়া বাসায় গামছা আনতে যায়। এ সময় ঘরে থাকা চন্দনাথ শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। শিশুটি চিৎকার ও ধস্তাধস্তি এক পর্যায়ে সেখান থেকে দৌড়ে বাড়িতে ফিরে গিয়ে ঘটনাটি মাকে জানায়।
পরে আশপাশের লোকজন চন্দ্রনাথকে ঘরে আটকে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি তৌফিক আজম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চন্দনাথের বিরুদ্ধে মামলা করেছেন। পরে আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
