১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

সংঘর্ষে আহত হয়ে উভয় পক্ষের অন্তত পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ার দৌলতপুরে মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে সংঘর্ষে নিহতের স্বজনের আহাজারি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 01:07 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন। 

মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ। 

সংঘর্ষে নিহতরা হলেন, সারভান সরদার (৩৫) ও বায়জীদ সরদার (৪৫)। তারা একই গ্রামের বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সরদারের পক্ষের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

সংঘর্ষে আহত হয়ে উভয় পক্ষের অন্তত পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বায়জীদ সরদারের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। 

ওসি মো. সোলাইমান শেখ বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।”