২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন: মাগুরায় অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা

এ ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 09:04 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

মাগুরা শহরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের এক সহসভাপতিসহ ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। 

এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান।

এদিন সকালে সদর থানায় মামলাটি করেন পৌরসভার দরি মাগুরা এলাকার বাসিন্দা রেজোয়ান কবির। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। 

কারাগারে যাওয়ারা হলেন- মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক (৫২), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. সোনিয়া সুলতানা (৪০), পশু হাসপাতাল পাড়ার বাসিন্দা হাসান মাসুদ এবং পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা ওসমান আলী মোল্লা। বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জামরুলতলা এলাকার লতা কমিউনিটি সেন্টারের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও অপপ্রচার চালানোর উদ্দেশে সমবেত হন। 

এ সময় তারা মিছিলের পাশাপাশি বোমা ও দেশি অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের হাতে গ্রেপ্তার এনামুল হক হীরকের স্ত্রী লাতিফা পারভিন। তিনি বলেন, “এসব কিছুই তো সেখানে হয়নি। সেখানে যা হয়েছে, সবই ভিডিওতে দেখা গেছে। সেখানে প্রথমে জাতীয় সংগীত গাওয়া হয়েছে, এরপর দেশ ও নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য শেষে মোনাজাত করা হয়।”

এ কার্যক্রমের একটি ভিডিও এর মধ্যে ভাইরাল হয়েছে; তাই সেখানে কোনো গোপন বা নাশকতামূলক কিছু হয়নি বলে দাবি লাতিফা পারভিনের।

ওসি আশিকুর রহমান বলেন, “নাশকতার পরিকল্পনা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়। গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরকসহ বেশ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের নিচে জড়ো হন। এ সময় তারা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলের কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

এ ঘটনার পরপর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের দলীয় পতাকা পুড়িয়ে দেন। এ ছাড়া ভবনটির তিন তলায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

আরও পড়ুন

মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের পর ভাঙচুর-অগ্নিসংযোগ

মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের পর ৩ নেতা আটক