যারা নির্বাচনে আসবে না তারা রাজনৈতিক সংকটে পড়বে: হানিফ
আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে দেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই, বলেছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক।
যারা আগামী নির্বাচনে অংশ নেবে না তারা রাজনৈতিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আগামী সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে এই সরকার ও কমিশনের অধীনেই হবে জানিয়ে হানিফ বলেন, “যেসব দলের সক্ষমতা আছে তারা নির্বাচনে অংশ নেবে। যারা নেবে না, ভবিষ্যতে তারাই রাজনৈতিক সংকটে পড়বে।”
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য হানিফ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন।
হানিফ বলেন, “এই দেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারে। ”
বিএনপির আন্দোলন আন্দোলন খেলা শেষ হয়ে গেছে দাবি করে তিনি বলেন, “এটা আসলে তাদের ভাঁওতাবাজি। শুরু থেকেই বিএনপির চরিত্র হলো নাশকতা করা। তবে এর ফল যে ভালো হয় না বিএনপি তা হাড়ে হাড়ে টের পেয়েছে। ”
তিনি আরও বলেন, “বিএনপি অতীতের মত ভবিষ্যতে আর নাশকতা করার সাহস পাবে না। তাই বিএনপির দশ দফা নিয়ে কেউ ভাবছে না। বিএনপির দশ দফা বিএনপির কাছেই থাক।”
স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী।
