২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা

বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বরগুনার তালতলী উপজেলার এক ভূমি কর্মকর্তা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 11:38 PM

Updated : 14 Jan 2024, 11:38 PM

সংবাদ প্রকাশের জেরে বরগুনার তালতলী উপজেলার এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই মামলা করেন বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা মো. রুহুল আমিন।

বিচারক মো. গোলাম ফারুক মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তালতলী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান।

বিবাদী সাংবাদিক নাইম ইসলাম হাইরাজ তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোর গ্রামের জালাল মৃধার ছেলে। তিনি দৈনিক কালবেলা পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২৭ নভেম্বর কালবেলা অনলাইনে ‘অফিসকে সংসার বানিয়েছেন ভূমি কর্মকর্তা’ শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন বিবাদী ওই সংবাদ নিজের ফেইসবুক আইডিতে শেয়ার করেন। সেটি ভাইরাল হয়।

ভিডিওতে বিভিন্নজন বাজে মন্তব্য করেন। এতে বাদীর মান-সম্মান ক্ষুণ্ন হয়। ভিডিও সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও বিবাদী তা অস্বীকার করেন। তখন বাদী আমতলী বিচারিক হাকিম আদালতে নালিশি অভিযোগ দেন। বিচারিক হাকিমের নির্দেশে বাদী সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।