১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ধরলা নদীতে পুড়ল সরকারি স্পিডবোট

পেট্রোল থাকার কারণে অনেক চেষ্টার পরেও সেটির আগুন নেভানো যায়নি।

কুড়িগ্রামে ধরলা নদীতে পুড়ল সরকারি স্পিডবোট

ধরলা নদীতে চলন্ত অবস্থায় আগুন লেগে উপজেলা প্রশাসনের স্পিডবোটটি পুড়ে গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 06:29 PM

Updated : 05 Nov 2023, 06:29 PM

কুড়িগ্রামে ধরলা নদীতে চলন্ত অবস্থায় আগুন লেগে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোট পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার বিকালের দিকে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ার ধরলা নদীতে ঘটনাটি ঘটেছে। রোববার সেই আগুন লাগার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, বিকালের দিকে ধরলা নদীর পাড়ে স্পিডবোটটিতে আগুন লাগে। কিন্তু পেট্রোল থাকার কারণে অনেক চেষ্টার পরেও সেটির আগুন নেভানো যায়নি।

স্পিডবোটটির চালক নবির ইসলাম বলেন, “আমি নতুন এখানে যোগদান করেছি। আমি স্পিডবোটটি চালাই নাই। যতটুকু জানতে পেরেছি কেউ একজন চালাতে গিয়ে চলন্ত অবস্থায় একটি ইঞ্জিন বন্ধ হয়ে আগুন লেগে স্পিডবোটটি পুড়ে যায়।”

তিনি জানান, স্পিডবোটটির আনুমানিক মূল্য ৩৫-৪০ লাখ টাকা।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা জানান, দুর্যোগ মোকাবেলা, নদীতে টহলসহ বিভিন্ন জরুরি প্রয়োজনে স্পিডবোটটি ব্যবহৃত হত।

শনিবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একটি সরকারি সফরের জন্য স্পিডবোটটি রমনা ঘাট থেকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ নিয়ে আসার পথে সেটিতে আগুন লাগে।

আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে বলে জানান ইউএনও।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]