মানসম্মত সেবা না দেওয়া হাসপাতাল বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী
অনিবন্ধিত, অব্যবস্থাপনা সম্পন্ন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা না দেওয়া হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান চলমান থাকবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
মানসম্মত স্বাস্থ্যসেবা না দেওয়া দেশের সব হাসপাতাল-ক্লিনিক পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, এরই মধ্যে সারাদেশে স্বাস্থ্যবিভাগের অভিযানে ১৭শ অবৈধ ক্লিনিক-হাসপাতাল বন্ধ করা হয়েছে। যারা এখনও নিবন্ধন করেনি বা নিবন্ধন দেখাতে পারছে না সেসব প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে।
“অনিবন্ধিত, অব্যবস্থাপনা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা না দেওয়া হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।”
সিভিল সার্জন কার্যালয়ে ছয় জেলার বিভিন্ন স্বাস্থ্যস্থাপনা ও প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “উন্নত সেবার জন্য এখন ঢাকায় যেতে হবে না। কুমিল্লাতেই সকল স্বাস্থ্যসেবা পাচ্ছেন মানুষ। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবা ও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার সার্বিক বিষয়গুলো খেয়াল করলে আন্তর্জাতিক মানের হাসপাতাল হবে দেশের হাসপাতালগুলো।”
স্বাস্থ্যসেবাকে কীভাবে আরও উন্নত করা যায় – সরকার সেই চেষ্টা করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে ইউনিয়ন থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সব হাসপাতালের কার্যক্রম মনিটরিংয়ে রাখা হয়েছে। মেশিন, লোকবল ঠিক আছে কি না, মানুষ সেবা পাচ্ছে কি না সেগুলো দেখা হচ্ছে।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী ছয় জেলার ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া এসব জেলার স্বাস্থ্যবিভাগের বরাদ্দপত্র সিভিল সার্জনদের হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক এ কেএম আমিরুল মোরশেদ।
এর আগে সকালে মন্ত্রী কুমিল্লা নগরীর জেনারেল (সদর) হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা পরিদর্শন করেন।
এরপর তিনি এই হাসপাতালে ১০ শয্যার আইসিইউ বেডের উদ্ধোধন করেন।
দুপুরের পরে কুমিল্লা মেডিকেল হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও হাসপাতাল প্রধানের অনেক দায়িত্ব। ডাক্তার নার্স ঠিকমতো আসে কিনা সেটি দেখতে হবে। টয়লেট ও বেড ঝকঝকে থাকতে হবে। আর এগুলো ঠিকমতো হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব হাসপাতাল পরিচালনা পর্ষদের।
সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কি না সেটি নিশ্চিতে হাসপাতালের পরিচালনা পর্ষদের মাসিক সভা নিয়মিত করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
