গাজীপুরে চলন্ত বাসে আগুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন কারখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে গাছা থানার ওসি জানান।
গাজীপুর মহানগরীতে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার রাত পৌনে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন কারখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান।
প্রতক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসের ভিতরে কয়েকজন যাত্রী ছিল তারা সবাই নিরাপদে নেমে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ফয়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর চালক ও তার সহকারীকে ঘটনাস্থলে দেখা যায়নি।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে ভেতরে পুড়ে গেছে। বাসটি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।”
