২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্র হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার

পুলিশ বলছে, তাকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন, বিচারক একদিনের আবেদন মঞ্জুর করেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 09:10 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে স্কুল শিক্ষার্থী হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে।

রোববার দুপুরে টাঙ্গাইল শহর থেকে তানভীর হাসান ফেরদৌস নোমানকে গ্রেপ্তার করা হয় বলে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান।

নোমান টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি এ মামলার ১৬ নম্বর আসামি।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, “গ্রেপ্তারের পর কাউন্সিলর নোমানকে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক বাদল কুমার চন্দের আদালতে তুলে তার সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।”

শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের (পিপি) এস আকবর খান জানান।

শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে গুলিতে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার মজনু মিয়ার ছেলে ১৪ বছরের ছেলে মারুফ নিহত হন। সে শাহীন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই ঘটনায় ১৮ অগাস্ট নিহত মারুফের মা মোর্শেদা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

ওই মামলায় অজ্ঞাত পরিচয় আসামি ১৫০ জন থেকে ২০০ জন। নোমান ওই মামলার এজারনামীয় আসামি।