কোটা: জাবিতে হামলায় ‘মদদদাতা’ শিক্ষকদের পদত্যাগ দাবি
অনেক শিক্ষক ইতোমধ্যে পদত্যাগ করেছেন; বাকি যারা করেননি, তাদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কোটা সংস্কার আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ ও বহিরাগতদের ‘মদদদাতা’ শিক্ষকদের পদত্যাগের দাবি করেছেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, “১৫ জুলাই আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় বিচার চাইতে উপাচার্যের বাসভবনে গিয়েছিলাম। কিন্তু সেখানে ছাত্রলীগ ও বহিরাগতরা দ্বিতীয় দফায় আমাদের ওপর হামলা চালায়।
“সেই হামলার মদদদাতা ছিলেন কিছু নামধারী শিক্ষক। এসব শিক্ষকদের প্রতি নিন্দা, ঘৃণা ও লজ্জা জানাই। শিক্ষক হিসেবে আপনাদের উচিত ছিল ন্যায়-নীতির পক্ষে থাকা। আপনারা চাকরিতে থাকার যোগ্যতা হারিয়েছেন।”
অনেক শিক্ষক ইতোমধ্যে পদত্যাগ করেছেন; বাকি যারা করেননি, তাদের দ্রুত পদত্যাগের দাবি জানান তিনি।
একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছয় শিক্ষককে চাকরিচ্যুত করে শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
রোববার দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইস্রাফিল আহমেদ, অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান, অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আশরাফুল হাবীব, ফাহিম মালিক এবং মহিবুর রৌফ শৈবালের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, “১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার মদদদাতা এবং পরবর্তীতে যেসব শিক্ষক ছাত্রলীগের পক্ষে ছিলেন তাদের পদত্যাগ চাই।”
ঘটনার দিন অধ্যাপক ইস্রাফিল আহমেদ বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করে হামলার মদদ দিয়েছিলেন বলে অভিযোগ করেন আরিফুল ইসলাম।
তিনি বলেন, “উপাচার্যের বাসভবনের সামনে যখন ছাত্রলীগ হামলা চালাচ্ছিল, তখন তার পাশে টিচার্স ক্লাবে দুজন সাংবাদিক আশ্রয় নিলে ওই শিক্ষক তাদেরকে আশ্রয় দেননি।
“হামলায় মদদদাতা শিক্ষকদের শিক্ষকতা করার কোনো নৈতিক অধিকার নেই। অবিলম্বে তাদের চাকরিচ্যুত করে শাস্তির আওয়ায় নিয়ে আসতে হবে।”
আইন ও বিচার বিভাগের দুই শিক্ষককে চাকরিচ্যুতের দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সভাপতি ও ডিন তাপস কুমার দাস এবং সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালকে চাকরিচ্যুত করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
এতে আইন ও বিচার বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইন ও বিচার বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল রাহী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলাম। এ জন্য আমাকে পুলিশ গ্রেপ্তার করে।
“বিষয়টি তাপস স্যারকে জানানো হলে, তিনি আমাকে ‘হিজবুত তাহরীর’ লোক ও ‘দুষ্কৃতিকারী’ বলে অ্যাখা দেন। যেখানে অন্য বিভাগের শিক্ষকরা আটক শিক্ষার্থীদের ছাড়িয়ে নিচ্ছেন, সেখানে আমার বিভাগের স্যার এসব বলেন।”
একই বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আরশাদুল ইসলাম বলেন, “আমার বিভাগের ভাই-বন্ধুদের পুলিশ ধরে নিচ্ছে। আর ডিন হিসেবে তার কাছে সহযোগিতা চাইলে হল বন্ধ, ভার্সিটি বন্ধ তাহলে তোমরা ক্যাম্পাসে কী কর? এসব বলে চার্জ করেন।
“তিনি অনেক শিক্ষার্থীকে শিবির বলেও আখ্যায়িত করেন। আরেক শিক্ষার্থী সৃজনকে গ্রেপ্তারের পর তার বাবা ফোন দিয়ে সহযোগিতা চাইলে, তিনি বাজে আচরণ করেন। আমরা তার পদত্যাগ চাই।”
