১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ’: নোয়াখালীতে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ

এ ঘটনায় যুবদলের নেতাকর্মীদের দায়ী করেছে জামায়াত।

‘ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ’: নোয়াখালীতে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ
নোয়াখালীর বেগমগঞ্জে গুলিবিদ্ধ জামায়াতের দুই কর্মী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ‘ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের’ জেরে জামায়াতে ইসলামীর যুব শাখার দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় যুবদলের নেতাকর্মীরা এই গুলি চালিয়েছে বলে দাবি জামায়াতের। তবে অভিযোগ অস্বীকার করছে যুবদল।

রোববার রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান।

গুলিবিদ্ধ মো. সজীব (২০) ও মো. তুষার (২১) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ‘মনির পাটোয়ারী ফুটবল টুর্নামেন্টের’ আয়োজন করেন। সেখানে খেলা দেখা নিয়ে দর্শকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের মধ্যে একপক্ষ স্থানীয় যুবদলের নেতাকর্মী এবং অন্যপক্ষ জামায়াতের যুব শাখার কর্মী।

রোববার রাতে ঘটনাটি মীমাংসার জন্য তুলাছরা গ্রামে একটি সমঝোতা বৈঠক ডাকা হয়। তবে সেখানে হামলা চালায় একদল তরুণ। যাদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় ঘটনাস্থলে গুলির ঘটনাও ঘটে। এতে জামায়াতের দুই কর্মী আহত হন।

জামায়াতে ইসলামীর পেশাজীবী ফোরামের গোপালপুর ইউনিয়ন শাখার সভাপতি আলাউদ্দিন মামুন বলেন, “শুক্রবার খেলার মাঠে জামায়াতের কর্মী রাসেলের সঙ্গে বিএনপির এক কর্মীর কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসীনের নেতৃত্বে অস্ত্রের মহড়া এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

“শনিবার রাতে তারা আবার অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে তল্লাশি চালায়। রোববার সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় লোকজন বসলে যুবদলের ৩০ থেকে ৪০ নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সজীব ও তুষার গুলিবিদ্ধ হন।”

এ বিষয়ে জানতে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসীনের মোবাইলে কল করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে। 

গোপালপুরে গুলির ঘটনা ঘটলেও তাতে যুবদলের কোনো নেতাকর্মী জড়িত ছিলেন না বলে দাবি করেছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।

তিনি বলেন, “সেখানে কিশোর গ্যাংয়ের মতো একাধিক গ্রুপ রয়েছে। তারাই ঘটনা ঘটাতে পারে।”

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি লিটন দেওয়ান।