Published : 23 May 2026, 11:30 AM
পাঁচ দশক আগে ময়মনসিংহের ত্রিশালে যে খাল কেটেছিলেন তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই ধরার খাল পুনঃখনন কাজের সূচনা করতে যাচ্ছেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ১১টায় তেজগাঁও কার্যালয় থেকে তার গাড়িবহর ত্রিশালের উদ্দেশে রওনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সকালে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে আসেন। সেখানে দুইটি নির্ধরিত কর্মসূচি শেষ করে এখন সড়ক পথে ত্রিশালের উদ্দেশে গাড়িতে আছেন।”
বরাবরের মতো ‘সবার আগে বাংলাদেশ লেখা’ বুলেটপ্রুফ বাসে চেপে সফর করছেন প্রধানমন্ত্রী ও তার সঙ্গীরা।
এদিন বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামে ‘ধরার খাল’ বা বৈলর খাল খনন কার্যক্রমের সূচনা উদ্বোধন করবেন তারেক রহমান। বিকালে নজরুল মঞ্চে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি। এরপর ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
ময়মনসিংহ-৭ আসনের (ত্রিশাল) সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন বলেন, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগত সফরে ত্রিশালে এসে বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের ‘ধরার খাল’ বা বৈলর খালের পরিমাপ ও খনন কার্যক্রমে যুক্ত হন।
“তবে এর আগেই ১৯৭৬-৭৭ সালে দেশব্যাপী যে ব্যাপক খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, ত্রিশালের এ খালটিও সেই কর্মসূচির অংশ ছিল।”
এদিকে দুই দশক বাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে অনুষ্ঠিত হচ্ছে জন্মজয়ন্তীর রাষ্ট্রীয় আয়োজন।
১৯১৪ সালে দারোগা রফিজ উল্লাহ আসানসোলের একটি রুটির দোকান থেকে কিশোর নজরুল ইসলামকে ময়মনসিংহের ত্রিশালের কাজির শিমলা গ্রামে নিয়ে আসেন। সেখানে একটি বৈঠকখানায় থাকতেন নজরুল। পাশের পুকুরে গোসল করতেন, ছুটে বেড়াতেন গ্রামজুড়ে।
পরে তাকে দরিরামপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি করা হয়। স্কুলটি বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হওয়ায় বর্ষাকালে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হতো তাকে। পরে নামাপাড়া বিচুতিয়া বেপারি বাড়িতে লজিংয়ের ব্যবস্থা করা হয়। সেখানে অষ্টম শ্রেণিতে পড়ার সময় অভিমান করে কাউকে কিছু না জানিয়ে কুমিল্লায় চলে যান নজরুল। এরপর আর কোনোদিন ত্রিশালে ফিরে আসেননি তিনি।
নজরুলের স্মৃতি ধরে রাখতে কাজির শিমলা দারোগা বাড়ি ও বিচুতিয়া বেপারি বাড়িতে গড়ে তোলা হয়েছে দুটি নজরুল স্মৃতি কেন্দ্র। তবে জনবল সংকট ও অবকাঠামোগত নানা সমস্যায় কেন্দ্র দুটি এখন অনেকটাই অবহেলিত।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দরিরামপুর স্কুল মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনদিনব্যাপী অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, নজরুল মেলা, বইমেলা, নাচ, গান, আবৃত্তি ও পালাগান।