২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো অবস্থায়ই আইন হাতে তুলে নেওয়া যাবে না: তারেক রহমান

তিনি বলেন, কোনো অবস্থাতেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।

বিডিনিউজ২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 12:52 AM

Updated : 26 Aug 2026, 10:31 AM

দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “কোনো অবস্থায়ই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।”

শনিবার বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকতে হবে। যেন জনগণ আমাদের প্রতি আস্থা রাখতে পারে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” 

ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “কোনো অবস্থাতেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার নিশ্চিত ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।” 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “বাংলাদেশ প্রচুর সম্ভাবনার দেশ; এখানে লুকিয়ে আছে অফুরন্ত সম্পদ, সেই সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।” 

জেলার বেলকুচি ও চৌহালী উপজেলা এবং এনায়েতপুর থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম সভাপতিত্ব করেন।  

স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও  উপদেষ্টা এম এ মুহিত।

এর আগে বিকাল ৩টায় সভাটি শুরু হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার পরপরই ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে সভার কাজ বিঘ্নিত হয়। নেতাকর্মীরা নিরাপদে আশ্রয় নেন। 

বৃষ্টি কিছুটা কমলে বৈরি আবহাওয়ার মধ্যেই তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।