১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি: এ্যানি

জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব।

স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি: এ্যানি
লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকার বিজয় স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 07:07 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, “যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা দেশের শত্রু হিসেবে চিহ্নিত ছিল। স্বাধীনতার পর তারা যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেয়েছিল; তা কী কারণে, সাধারণ ক্ষমা হিসেবে। 

“কিন্তু ওই সাধারণ ক্ষমাকে তারা সম্মান দিতে জানেনি, অবমূল্যায়ন করেছিল। তারা কখনো আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে ও কখনো আওয়ামীবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল।”

মঙ্গলবার লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকার বিজয় স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী এ্যানি বলেন, “কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমান যদি সেদিন ঐতিহাসিক ঘোষণা না দিতেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের যদি নেতৃত্ব না দিতেন, রণাঙ্গনে অস্ত্র হাতে যদি যুদ্ধ না করতেন তাহলে স্বাধীন বাংলাদেশ আজ পর্যন্ত হয়ত প্রশ্নবিদ্ধই থেকে যেত।”

জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “প্রেসিডেন্ট জিয়া দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 

“তার শাহাদাত বরণের পর খালেদা জিয়া আপোষহীন ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশের হাল ধরেছিলেন। পরপর তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। জিয়া ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপতি ও খালেদা জিয়া ছিলেন জনপ্রিয় প্রধানমন্ত্রী।”

এ সময় লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান উপস্থিত ছিলেন।